তীব্র রোদেও ত্বক মসৃণ রাখবেন যেভাবে
গরম পড়লেই অনেকের ত্বকের বেহাল দশা হয়ে যায়। গ্রীষ্মকালে এ সমস্যাটা হয় আরও প্রকট। রোদ, ঘামে ত্বক ধীরে ধীরে নির্জীব হয়ে পড়ে। আর এ গরমে ত্বকের কোমলতা ধরে রাখতে চেষ্টার কমতি রাখেন না কেউই। সানস্ক্রিন ক্রিম, বাজারে চলতি ক্রিম ছাড়াও আরও কতশত রকমের ব্যবস্থা। সেই সঙ্গে রয়েছে ঘরোয়া হাজারো রকমের ব্যবস্থা।
গ্রীষ্মের রোদের তীব্রতা থাকে অনেক বেশি। রোদের ভয়ে অনেকেই দুপুরে বাইরে বের হওয়া ছেড়ে দেন। বিশেষ প্রয়োজনে বাইরে বেরোলেও স্কার্ফ, ওড়নায় নিজেকে মুড়িয়ে রাখেন, যাতে করে রোদের তাপ শরীর স্পর্শ করতে না পারে।
তবে গ্রীষ্মের এ রোদ থেকে বাঁচার জন্য রয়েছে কয়েকটি সহজ উপায়। যেগুলো মেনে চললে এ প্রচণ্ড রোদে আপনার ত্বকের কোনো ক্ষতি হবে না।
বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন মাখুন:
গ্রীষ্মে ত্বকের যত্নের অন্যতম হাতিয়ার হলো সানস্ক্রিন ক্রিম। এটি সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বকের সুরক্ষা বজায় রাখে। তবে সানস্ক্রিন থেকে সঠিক ফল পেতে আপনাকে অবশ্যই ত্বকের সঙ্গে খাপখাবে এমন এসপিএফের সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, ত্বকে ট্যান (হাত-পায়ের কালো দাগ, রোদে পোড়া ভাব) পড়ার ঝুঁকি কমাতে অবশ্যই এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
শুধু মুখেই নয়, হাত, ঘাড় এবং গলায় মাখতে হবে সানস্ক্রিন। তাহলেই প্রচণ্ড রোদেও আপনার ত্বকে ট্যান পড়বে না।
লম্বা হাতা জামা পরুন:
দুপুরের এ কড়া রোদে কোথাও বের হতে হলে লম্বা হাতা জামা পরা ছাড়া উপায় নেই। কারণ এ রোদে শরীরের কোনো অংশ খোলা থাকলেই সেখানে ট্যান পড়ে। এ ট্যান পড়া থেকে বাঁচতে গোড়ালি ঝুল ট্রাউজার পরাই শ্রেয়। এর ফলে রোদ সরাসরি ত্বকের সংস্পর্শে আসতে পারে না। দিনেরবেলা এমন পোশাক পরাই ভালো। আর যদি সুতি কাপড়ের পোশাক পরতে পারেন তাহলে অস্বস্তি আরও কম হবে।
প্রচুর পানি পান করুন:
রুক্ষ ও শুষ্ক ত্বকে ট্যান পড়ার ঝুঁকি অনেক বেশি। তাই প্রচণ্ড গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখা খুব জরুরি। আর এ আর্দ্রতা বজায় রাখতে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। বেশি করে পানি পান করলে ত্বক থাকে কোমল এবং মসৃণ। ফলে ট্যান যদি পড়েও তাহলে তা থেকে মুক্তি পেতে কিন্তু খুব একটা কষ্ট করতে হবে না। তাই ত্বকের এবং শরীরের যত্ন নিতে অবশ্যই প্রতিদিন ৩ থেকে ৪ লিটার পানি পান করা জরুরি।
পরতে পারেন টুপি:
নিজের ত্বককে ট্যান পড়া থেকে বাঁচাতে অনেকেই তো অনেক কিছু করে। আপনি না হয় একটা টুপিই পরলেন। এতে করে তেমন কোনো ক্ষতি তো হবেই না উল্টো রোদ থেকে আড়ালে থাকবে ত্বক। ফলে ট্যান পড়াও কমে যাবে অনেক। তাই ত্বকের জৌলুস বজায় রাখতে ও ট্যান পড়া থেকে বাঁচতে টুপি পরতে পারেন। এতে করে ত্বকের পাশাপাশি আপনার চোখও ভালো থাকবে।
সূত্র: আনন্দবাজার