খামেনির নিহতের পর ইরানের মসজিদে লাল পতাকা
বিশ্ব সংবাদ ডেস্ক, ১ মার্চ: মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর, ইরানের কেন্দ্রীয় ধর্মীয় শহর কোমের জামকারান মসজিদের গম্বুজের উপরে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এটি দেশ এবং বিদেশের শত্রুদের প্রতি কঠোর প্রতিশোধের প্রতীক।
মসজিদের লাল পতাকা সাধারণত শহীদদের রক্তের প্রতিশোধ এবং আসন্ন ভয়াবহ যুদ্ধে প্রস্তুতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তোলন অনুষ্ঠানে মসজিদের কর্মকর্তা এবং ধর্মগুরুরা খামেনির প্রতিকৃতি বহন করে উপস্থিত ছিলেন।
ইরানের রাষ্ট্র পরিচালিত প্রেস টিভি জানিয়েছে, “এই লাল পতাকা ইসলামী বিপ্লবের নেতার রক্তপাতের প্রতিশোধের প্রতীক।” ২০২০ সালের জানুয়ারিতে কাসেম সোলাইমানির নিহত হওয়ার পরও জামকারান মসজিদের গম্বুজে লাল পতাকা উত্তোলিত হয়েছিল, যা তখনও প্রতিশোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল।
ইরানী কর্মকর্তারা জানিয়েছেন, খামেনির মৃত্যুর পর দেশ পরিচালনার জন্য ৬৬ বছর বয়সী এক ধর্মগুরুকে তিন সদস্যের একটি নেতৃত্ব পরিষদে অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই পরিষদ দেশ পরিচালনা করবে।
এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে। ইরান ইতিমধ্যেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করেছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত এক ঘণ্টায় অন্তত তিনবার মিসাইল ছোড়া হয়েছে, যার মধ্যে একটি সরাসরি তেলআবিবে আঘাত হেনেছে।
বিশ্বজুড়ে এই ঘটনায় শোক ও উত্তেজনার ছায়া নেমে এসেছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখন অতীতের তুলনায় অনেক বেশি অস্থির এবং অনিশ্চিত বলে বিশ্লেষকরা উল্লেখ করছেন।

এদিকে, এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটি শুরু থেকেই একটি চার সপ্তাহের প্রক্রিয়া হিসেবে ধরা হয়েছে। আমরা হিসেব করে দেখেছি যে এটি চার সপ্তাহ বা তার কাছাকাছি সময় নেবে।’
অভিযানের ব্যাপ্তি নিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের আক্রমণ যত শক্তিশালীই হোক না কেন, ইরান একটি বড় দেশ। তাই এটি সম্পন্ন করতে চার সপ্তাহ—বা তার কম সময় লাগবে।’