যুদ্ধবিরতি নয়, ‘পূর্ণ সমাপ্তি’—মধ্যপ্রাচ্যে কঠোর অবস্থানে ইরান

যুদ্ধবিরতি নয়, ‘পূর্ণ সমাপ্তি’—মধ্যপ্রাচ্যে কঠোর অবস্থানে ইরান

বিশ্ব সংবাদ ডেস্ক, ২ এপ্রিল: 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ঘিরে আবারও নিজের অবস্থান স্পষ্ট করল ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন, তেহরান কোনো সাময়িক যুদ্ধবিরতিতে আগ্রহী নয়; বরং তারা চায় যুদ্ধের স্থায়ী অবসান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জারিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাঘচি বলেন, “আমরা যুদ্ধবিরতি চাই না, আমরা চাই পুরো যুদ্ধের শেষ—শুধু ইরানে নয়, গোটা অঞ্চলে।” তার এই বক্তব্য থেকে স্পষ্ট, ইরান তাৎক্ষণিক শান্তির পরিবর্তে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে চায়।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা প্রস্তাবগুলোর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি তেহরান। এমনকি পাল্টা কোনো প্রস্তাবও দেয়নি তারা। মার্কিন বিশেষ দূত Steve Witkoff-এর বার্তা পেলেও সেটিকে আনুষ্ঠানিক আলোচনার অংশ হিসেবে দেখছে না ইরান।

এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী প্রসঙ্গে আরাঘচি বলেন, এই জলপথ এখনো খোলা রয়েছে। তবে যারা ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের জন্য এটি কার্যত বন্ধ। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, প্রয়োজনে স্থলযুদ্ধের জন্যও প্রস্তুত রয়েছে তেহরান।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট কিছুটা নরম সুরে বলেন, ইরান যুদ্ধের অবসান চায় এবং সে জন্য প্রয়োজনীয় সদিচ্ছাও রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতে যেন এমন সংঘাত আর না ঘটে, তার নিশ্চয়তা থাকতে হবে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এন্তনিও কোস্টা এর সঙ্গে ফোনালাপে তিনি এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

ইরানের এই অবস্থান আন্তর্জাতিক অর্থবাজারেও প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। ডাও জোন্স সূচক ২.১ শতাংশ বেড়ে ৪৯,১৬৪ পয়েন্টে পৌঁছেছে। একই সময়ে এসঅ্যান্ডপি ৫০০ সূচক বেড়েছে ২.৫ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক লাফ দিয়েছে ৩.৬ শতাংশ।

বিশ্লেষকদের মতে, ইরানের এই অবস্থান নতুন কিছু নয়, তবে এটি বর্তমান কূটনৈতিক অচলাবস্থারই প্রতিফলন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ দ্রুত শেষ করার যে ইঙ্গিত মিলছে, তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।