তারেক রহমান নির্বাচনী হলফনামায় যেসব ব্যক্তিগত তথ্য প্রকাশ করলেন
ঢাকা, ৩ জানুয়ারি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট-বারিধারা) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করে তার ব্যক্তিগত সম্পদ ও তথ্য প্রকাশ করেছেন। হলফনামায় তিনি উল্লেখ করেছেন, দীর্ঘ ১৭ বছর লন্ডনে থাকা সত্ত্বেও তিনি কোনো দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেননি।
হলফনামায় আরও বলা হয়েছে, বিদেশে তার কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ নেই। তার মোট সম্পদ ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকা, যার মধ্যে নগদ ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা, ব্যাংকে আমানত ৯০ লাখ ২৪ হাজার ৩০৭ টাকা এবং শেয়ার ও বিনিয়োগ ৬৮ লাখ ৫০ হাজার টাকা। তিনি কোনো আগ্নেয়াস্ত্র বা কৃষিজমির মালিক নন।
তারেক রহমানের বিরুদ্ধে ৭৭টি মামলা থাকলেও বর্তমানে কোনো মামলা চলমান নেই। বার্ষিক আয় ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা, যা মূলত শেয়ার, বন্ড ও ব্যাংক আমানত থেকে আসে। তিনি আয়কর দিয়েছেন ১ লাখ ১ হাজার ৪৫৩ টাকা।
স্ত্রী ডা. জুবাইদা রহমানের মোট সম্পদ ১ কোটি ৫ লাখ ৩০ হাজার ১৯১ টাকা, বার্ষিক আয় ৩৫ লাখ ৬০ হাজার ৯২৫ টাকা। দম্পতির যৌথ মালিকানায় ১১১.২৫ শতাংশ জমি ও ৮০০ বর্গফুটের দোতলা ভবন রয়েছে।
হলফনামায় তারেক রহমান পেশা ‘রাজনীতি’ উল্লেখ করেছেন, শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক এবং বয়স ৫৭-এর কিছু বেশি। বর্তমান ঠিকানা গুলশান এভিনিউ, ঢাকা।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। আপিল ৫–৯ জানুয়ারি, নিষ্পত্তি ১০–১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।