ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি

পূর্ব লন্ডনে অবৈধ কর্মী নিয়োগে কড়াকড়ি, ২০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে লাখ লাখ পাউন্ড জরিমানা

পূর্ব লন্ডনে অবৈধ কর্মী নিয়োগে কড়াকড়ি, ২০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে লাখ লাখ পাউন্ড জরিমানা

ভয়েস অব পিপল ডেস্ক: অবৈধ কর্মী নিয়োগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাজ্য সরকার। পূর্ব লন্ডনের ২০টি ব্যবসাপ্রতিষ্ঠানকে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে মোট কয়েক লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে। সরকারের অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার তদন্তে দেখা যায়, এসব প্রতিষ্ঠান বৈধ কর্মঅনুমতি (Right to Work) না থাকা ব্যক্তিদের চাকরিতে নিয়োগ দিয়েছিল।

সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত তদন্তের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হ্যাভারিং, বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যাম, রেডব্রিজ, নিউহ্যাম, টাওয়ার হ্যামলেটস এবং ওয়ালথাম ফরেস্ট এলাকায় অবস্থিত।

সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে টাওয়ার হ্যামলেটসের একটি রেস্তোরাঁকে, যার পরিমাণ ১ লাখ ৩৫ হাজার পাউন্ড। এছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার পাউন্ড, ৮০ হাজার পাউন্ড, ৪৫ হাজার পাউন্ড, ৪০ হাজার পাউন্ড এবং ৩১ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হয়েছে। নির্মাণ প্রতিষ্ঠান, রেস্তোরাঁ, মুদি দোকান, পোশাকের ব্যবসা ও খুচরা বিক্রয়কেন্দ্র—বিভিন্ন ধরনের ব্যবসা এই অভিযানের আওতায় এসেছে।

হোম অফিস জানিয়েছে, যুক্তরাজ্যের শ্রমবাজারে বৈধতা নিশ্চিত করা এবং অবৈধ কর্মসংস্থান রোধে এই অভিযান পরিচালিত হচ্ছে। নিয়োগকর্তাদের নতুন কর্মী নিয়োগের আগে সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাজ্যে বৈধভাবে কাজ করার অধিকার (Right to Work) যথাযথভাবে যাচাই করার আইনগত বাধ্যবাধকতা রয়েছে।

সরকার আরও সতর্ক করে বলেছে, কোনো প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে বৈধ কর্মঅনুমতি ছাড়া কাউকে চাকরিতে নিয়োগ দিলে শুধু আর্থিক জরিমানাই নয়, ব্যবসার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা, এমনকি দায়ী ব্যক্তির সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডও হতে পারে।

এদিকে, অবৈধভাবে কাজ করানো বা কর্মসংস্থানের বিষয়ে কোনো তথ্য থাকলে তা গোপনীয়ভাবে ইমিগ্রেশন এনফোর্সমেন্টের কাছে জানানোর আহ্বান জানিয়েছে সরকার। কর্মকর্তাদের ভাষ্য, অভিবাসন আইন কার্যকর করতে এবং শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।