মান্নার বিরুদ্ধে ৩৮ কোটি টাকার খেলাপি ঋণ নোটিশে বগুড়ায় রাজনৈতিক তোলপাড়
বগুড়া ব্যুরো : ইসলামী ব্যাংক বগুড়ার বড়গোলা শাখা আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের নামে ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা খেলাপি ঋণের জন্য ‘কল ব্যাক নোটিশ’ জারি করেছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং অংশীদার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরীকে চূড়ান্ত সতর্কতা দেওয়া হয়েছে।
৩ ডিসেম্বর নোটিশ ইস্যু হলেও এটি এখনো মান্নার হাতে পৌঁছেনি বলে জানা গেছে। নোটিশটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় মান্নার নির্বাচনী এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, তিনি এত বড় অঙ্কের ঋণখেলাপি হয়েও তা জনগণকে আগে জানাননি এবং একজন আওয়ামী লীগ নেতাকে ব্যবসায়িক অংশীদার হিসেবে রেখেছিলেন।
ব্যাংক দাবি করেছে, লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ করেননি মান্না। ২০১০ সালে ২২ কোটি টাকা বিনিয়োগ অনুমোদন হলেও মুনাফা ও চার্জ না পরিশোধ করায় বকেয়া দাঁড়িয়েছে প্রায় ৩৮ কোটি টাকা। ১৮ ডিসেম্বরের মধ্যে পরিশোধ না হলে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ব্যাংক।
এদিকে, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাজাহান চৌধুরী গত বছর আমেরিকায় পালিয়ে গেছেন বলে বিশেষ শাখার তথ্যে জানা গেছে। অর্থপাচারের অভিযোগ নিয়েও স্থানীয়ভাবে গুঞ্জন চলছে।
এই খেলাপির তথ্য প্রকাশের পর বগুড়া-২ আসনে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জোটের সম্ভাব্য প্রার্থী মান্নার মনোনয়ন অনিশ্চিত হয়ে পড়েছে। আরপিও আইনে ঋণখেলাপিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়।
স্থানীয় সাংবাদিকরা ফোনে যোগাযোগের চেষ্টা করলেও মান্না কোনো মন্তব্য করেননি। তবে নাগরিক ঐক্যের নেতারা জানিয়েছেন, নোটিশ হাতে পেলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।