কক্সবাজারে পছন্দের প্রার্থীর মনোনয়ন ঘোষণার খবরে আনন্দে লাফ—স্ট্রোকে প্রাণ গেল বিএনপি নেতা

কক্সবাজারে পছন্দের প্রার্থীর মনোনয়ন ঘোষণার খবরে আনন্দে লাফ—স্ট্রোকে প্রাণ গেল বিএনপি নেতা

কক্সবাজার প্রতিনিধি, ৫ ডিসেম্বর:  কক্সবাজারের মহেশখালীতে পছন্দের প্রার্থীর মনোনয়ন ঘোষণার খবরে উচ্ছ্বাসে লাফিয়ে উঠে স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল আলম ফরিদ (৫০)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের নোনাছড়ি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ফরিদুল আলম নিজের ঘরেই বিশ্রামে ছিলেন। সন্ধ্যার দিকে কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসন থেকে বিএনপির দ্বিতীয় দফা ঘোষিত প্রার্থী তালিকায় সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের নাম শোনার পর তিনি হঠাৎ আনন্দে চিৎকার দিয়ে লাফিয়ে ওঠেন। মুহূর্তের মধ্যে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

তাকে দ্রুত উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক ধারণা—অতিরিক্ত উচ্ছ্বাস, উত্তেজনা এবং মানসিক চাপের কারণে তার স্ট্রোক হয়ে থাকতে পারে।

দলীয় সহকর্মীরা জানান, ফরিদ ছিলেন ইউনিয়ন বিএনপির নিবেদিতপ্রাণ ও অত্যন্ত সক্রিয় নেতা। বহু বছর ধরে সংগঠনের কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিশেষ করে আসন্ন নির্বাচনে আলমগীর ফরিদের প্রার্থিতা নিয়ে তিনি গভীর উৎসাহ ও আশাবাদ ব্যক্ত করছিলেন।

হঠাৎ মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, সংগঠনের জন্য একনিষ্ঠ এবং প্রাণবন্ত একজন মানুষকে হারিয়ে তারা দিশেহারা।

ফরিদের পরিবার তার বিদেহী আত্মার শান্তি কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।