বাজেট কাটছাঁটে বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা দীর্ঘমেয়াদে বাড়ছে

লন্ডন কাউন্সিলের আউটসোর্সিং ব্যয় ৫০০ মিলিয়ন পাউন্ড ছাড়িয়েছে

লন্ডন কাউন্সিলের আউটসোর্সিং ব্যয় ৫০০ মিলিয়ন পাউন্ড ছাড়িয়েছে

লন্ডন, ৬ ডিসেম্বর:  লন্ডনের কাউন্সিলগুলো ক্রমবর্ধমানভাবে বেসরকারি কনসালট্যান্সি ও আউটসোর্সিং প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। Autonomy Institute ও CADA Network–এর এক যৌথ প্রতিবেদন বলছে, শুধু ২০২৪ সালেই এসব প্রতিষ্ঠানে কাউন্সিলগুলোর ব্যয় হয়েছে ৫৫৫ মিলিয়ন পাউন্ড।

প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালের পর কেন্দ্রীয় সরকারের বাজেট কাটছাঁটের কারণে স্থানীয় কর্তৃপক্ষের নিজস্ব সক্ষমতা কমে গেছে, ফলে সফটওয়্যার, আইটি সেবা, অস্থায়ী কর্মী নিয়োগ, বাজেট ও পরিকল্পনা পরামর্শসহ নানা কাজে তাদের বেসরকারি প্রতিষ্ঠানের ওপর “দীর্ঘস্থায়ী নির্ভরতা” তৈরি হয়েছে। ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে লন্ডনের প্রতিটি কাউন্সিলের বার্ষিক গড় কনসালট্যান্সি ব্যয় বেড়েছে ৭৬ শতাংশ।

এ সময়ে কিছু প্রতিষ্ঠান বিপুল অঙ্কের চুক্তি পেয়েছে—Matrix SCM পেয়েছে ২.১ বিলিয়ন পাউন্ড, Capita পেয়েছে ১.১ বিলিয়ন এবং Serco প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ড। Barnet ও Lambeth–এর মতো কাউন্সিলগুলো বছরের পর বছর আউটসোর্সিংয়ের কারণে সমালোচিত হয়েছে। Barnet অতীতে অধিকাংশ সেবা Capita–কে দিলেও নতুন প্রশাসন এখন ধাপে ধাপে সেগুলো ফের নিজের নিয়ন্ত্রণে নিচ্ছে।

তবে Lambeth কাউন্সিল দাবি করেছে, প্রতিবেদনে তাদের ব্যয়ের একটি বড় অংশ ভুলভাবে “কনসালট্যান্সি” হিসেবে উল্লেখ করা হয়েছে—এসব ব্যয় আসলে বর্জ্য সংগ্রহ, গৃহহীন পরিবারকে আবাসন প্রদান ও অস্থায়ী সামাজিক কর্মী নিয়োগের মতো প্রয়োজনীয় জনসেবার খরচ।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের কাটছাঁট ও আউটসোর্সিং স্থানীয় সরকারব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে। তারা বলছেন, টেকসই ও গণতান্ত্রিক স্থানীয় সরকার গড়ে তুলতে হলে আবারও নিজস্ব সক্ষমতা পুনর্গঠন জরুরি।