২৩.৫১% মানুষ কখনো বিদ্যালয়ে যায়নি
দেশের অর্ধেকের শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক স্তরের নিচে
লন্ডন, ৬ ডিসেম্বর ২০২৫: বাংলাদেশে সরকার ও এনজিওর নানা উদ্যোগের পরও দেশের ৪২.৪৫ শতাংশ জনগোষ্ঠীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণীর নিচে রয়েছে। হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে ২০২৫-এর তথ্য অনুযায়ী, ২৩.৫১% মানুষ কখনো বিদ্যালয়ে যায়নি এবং ১৮.৯৪% প্রাথমিক পর্যায় অতিক্রম করতে পারেনি।
শিক্ষাবিদরা বলছেন, প্রকল্প গ্রহণ হলেও কার্যকর মনিটরিং ও পরিকল্পনার অভাব, দারিদ্র্য এবং পরিবার-সমাজ পর্যায়ে সচেতনতার অভাব শিক্ষার উন্নয়নে বাধা দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, “শিক্ষা এককভাবে নয়, অর্থনীতি ও পরিবেশের সঙ্গে সমন্বয় করতে হবে। না হলে প্রকল্প থাকলেও কার্যকর ফল পাওয়া যায় না।”
প্রধানত বান্দরবান, যেখানে ৩৪.১০% মানুষ নিরক্ষর এবং দারিদ্র্যের হার ৬৫.৩৬%, শিক্ষার্থীর ঝরে পড়ার হারও তুলনামূলক বেশি। শিক্ষাবিদরা মনে করেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহায়তা, শিক্ষকের প্রশিক্ষণ, বিদ্যালয়ের মানোন্নয়ন এবং ফলাফলের ভিত্তিতে নতুন পরিকল্পনা ছাড়া এই পরিস্থিতি পরিবর্তন করা কঠিন।