সিলেটের বিশ্বনাথে শিশুদের ফুটবলকে কেন্দ্র করে দুই গ্রামে সংঘর্ষ, অন্তত ২০ আহত
সিলেট প্রতিনিধি, ৮ মার্চ: সিলেটের বিশ্বনাথে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
রবিবার (৮ মার্চ) রাত ৮টার দিকে দৌলতপুর ইউনিয়নের আনরপুর ও দশপাইকা গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দশপাইকা বাজারে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে দুই গ্রামের শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় কথাকাটাকাটির পর রবিবার রাতের এই সংঘর্ষের সূচনা হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজন মধ্যস্থতাকারীরাও রয়েছেন। আহতদের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “বিষয়টি আপোষ-মীমাংসার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।”
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, “বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”
এতে এলাকায় একপর্যায়ে আতঙ্ক ছড়িয়েছিল, কিন্তু পুলিশের তৎপরতায় এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে।