যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা: ইরান যুদ্ধের ঝুঁকি
ভয়েস অব পিপল রিপোর্ট, ১১ মার্চ: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে, যেখানে বড় শক্তিগুলো সরাসরি মুখোমুখি হয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে, রাশিয়া ও চীনের আংশিক সমর্থনের কারণে সংঘাত কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবেনা, আন্তর্জাতিক মঞ্চে বড় উত্তেজনার সূত্রপাত ঘটতে পারে। এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে।
পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে, রাশিয়া ইরানকে সমর্থন করছে এবং মার্কিন সামরিক লক্ষ্যবস্তুর তথ্যও শেয়ার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চীন সরাসরি লড়াইয়ে না জড়ালেও কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে ইরানের পাশে আছে। এতে ইরানকে দীর্ঘ লড়াই চালিয়ে যাওয়ার সাহস মিলছে।
কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের প্রস্তুতি
ইরাক‑ইরান সীমান্তে অবস্থান করা কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা বলছে, তারা সবুজ সংকেত পেলে ইরানের ভিতরে অভিযান চালাতে প্রস্তুত। তাদের দাবি, হাজার হাজার যোদ্ধা প্রস্তুত আছে, যা যুদ্ধের পরিসর আরও জটিল করতে পারে।
বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, যদি কুর্দি বাহিনী সক্রিয়ভাবে জড়ায়, তাহলে সংঘাতের বিস্তার মধ্যপ্রাচ্য সীমান্তে নতুন অস্থিরতা সৃষ্টি করবে এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে।