জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান

ঢাকা, ১৩ ডিসেম্বর: বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করেন।

জামায়াতে যোগদানের সময় আক্তারুজ্জামান সংগঠনের নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামীর অবস্থানের প্রতি আস্থা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জীবনের বাকি সময় উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় তিনি জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্য মেনে চলার অঙ্গীকার করেন। পরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাকে আলিঙ্গন করে দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে এর আগে আক্তারুজ্জামান বিএনপি থেকে বহিষ্কৃত হন। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপির প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে পরাজিত হন।

এর আগে ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপির মনোনয়নে একই আসন থেকে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তখন আসনটি কেবল কটিয়াদী উপজেলা নিয়ে গঠিত ছিল।