মৌলভীবাজারে কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাই নিহত

মৌলভীবাজারে কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাই নিহত

সিলেট প্রতিনিধি, ১৪ ডিসেম্বর :  মৌলভীবাজারের কুলাউড়ায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের তেলিবিল তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তেলিবিল তালতলা গ্রামের মুন্সি সুলতান মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৬০) এবং একই গ্রামের সুবহান মিয়ার ছেলে জালাল আহমদ (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়ার বটতলা বাজার থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ির পথে ফিরছিলেন গিয়াস উদ্দিন ও জালাল আহমদ। তালতলা জামে মসজিদের কাছে রাস্তার ওপর রাখা ধানের ফাড়া ও ধান স্তূপের সঙ্গে সংঘর্ষে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটম গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেল ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে এবং দুজনই গুরুতর আহত হন।

শরীফপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লোকমান মিয়া জানান, আহতদের প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পথে গিয়াস উদ্দিন মারা যান এবং রাত ৮টার দিকে হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা জালাল আহমদকেও মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মরদেহ বর্তমানে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”