সিলেটে চুরি করা গরু জবাই করে ইফতার মাহফিল, লন্ডন প্রবাসীর দেশত্যাগে চাঞ্চল্য

সিলেট প্রতিনিধি, ১৮ মার্চ: সিলেটের ওসমানীনগরে মাঠ থেকে চুরি করা গরু জবাই করে ইফতার মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুখাপন গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গলমুখাপন গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইউনাইটেড গলমুখাপন ট্রাস্ট’-এর প্রতিষ্ঠাতা সভাপতি আজাদ আহমদ সাদ মিয়ার পরিবারের পক্ষ থেকে গত মঙ্গলবার (৬ রমজান) এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। আয়োজনের দায়িত্বে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আহমদ মধু এবং সাধারণ সম্পাদক বুরহান মিয়া।

ইফতারের জন্য তিনটি গরু কেনার জন্য প্রবাসী আহমদ মধু তার বাড়ির কেয়ারটেকার সাঈদীকে টাকা দিয়েছিলেন। তবে অভিযোগ উঠেছে, কেয়ারটেকার গরু না কিনে পাশ্ববর্তী মাঠ থেকে নিখোঁজ নাজমুল ইসলামের গরুটি জবাই করে ইফতারে ব্যবহার করেছেন। মাহফিলে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিসহ কয়েক গ্রামের প্রায় সহস্রাধিক রোজাদার অংশ নেন।

বৃহস্পতিবার রাতে বিষয়টি এলাকায় জানাজানি হলে গ্রামবাসী প্রবাসীর বাড়িতে গিয়ে কৈফিয়ত চান। পরে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, ইফতারের জন্য জবাই করা গরুটি প্রকৃতপক্ষে নাজমুল ইসলামেরই ছিল। বিষয় নিশ্চিত হওয়ার পর প্রবাসী আহমদ মধু তাৎক্ষণিকভাবে গরুর মালিককে নগদ ৭০ হাজার টাকা পরিশোধ করে বিষয়টি মীমাংসা করেন। ঘটনার পর শুক্রবার রাতে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন। এছাড়া প্রবাসী নিজেকে এই ঘটনায় জড়িত নয় বলে একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

গ্রামবাসীরা জানিয়েছেন, আহমদ মধু এলাকায় দানশীল হিসেবে পরিচিত হলেও কেয়ারটেকারের এমন কর্মকাণ্ডে তিনি এবং তার পরিবার সামাজিকভাবে বিব্রতকর অবস্থায় পড়েছেন। বর্তমানে অভিযুক্ত কেয়ারটেকার সাঈদী পলাতক রয়েছেন। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরশেদুল আলম ভূঁইয়া জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে থানায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ নেই। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।