সিলেট বিভাগের খবর
শান্তি গঞ্জে অশান্তি : নিজেরা মারামারি করে আহত ৯ জন
নিজস্ব প্রতিবেদক, ১৯ সেপ্টেম্বর :
নামের সঙ্গে ‘শান্তি’ থাকলেও সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঘটেছে উল্টো ঘটনা। নিজেদের মধ্যে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৯ জন। সংঘর্ষের একপর্যায়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোদরতপী গ্রামে আমীর আলী ও মতলিব মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। প্রায় ২০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন মতলিব মিয়া (৫৫), হোসাইন আহমদ (২০), আরিয়ান আহমদ (১৪), গয়াছ মিয়া (৫৫), আমীর আলী (৩৮), আল আমিন (২৬), রাহীম আহমদ (১৫), নূর আহমেদ (২৬) ও সামির আহমদ (৩২)। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ঘটনার আগের দিন বুধবার বিকেলে আমীর আলী ও মতলিব মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় কয়েকজন উদ্যোগ নেন। দুই পক্ষই সালিশ মেনে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল। কিন্তু সালিশের তারিখ নির্ধারণের আগেই বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের লোকজন আবার সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ফলে মতলব মিয়ার আসল মতলব এবং আমির আলীর আমিরী চালের কাছে সালিশ ভন্ডুল হয়ে যায়।
একপর্যায়ে সংঘর্ষের উত্তেজনা ছড়িয়ে পড়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ জানিয়েছেন, মারামারির বিষয়টি পুলিশ জানতে পেরেছে। তবে ঘটনার পর পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
নিজেদের বিরোধ নিজেরাই মীমাংসা করার বদলে সংঘর্ষে জড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে ব্যস্ত মহাসড়কে সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা ও যান চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।