নিজেরই নিজের শারীরিক অবস্থার কথা জানালেন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ক্যান্সারে আক্রান্ত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ক্যান্সারে আক্রান্ত

বিশ্ব সংবাদ ডেস্ক, ২৪ এপ্রিল: 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু অবশেষে নিজের শারীরিক অবস্থার বিষয়ে প্রকাশ্যে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, প্রোস্টেট গ্রন্থিতে প্রাথমিক পর্যায়ের ক্যান্সার ধরা পড়েছিল, যার চিকিৎসা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

৭৬ বছর বয়সী এই নেতা বলেন, ২০২৪ সালের শেষ দিকে প্রোস্টেট সংক্রান্ত একটি অস্ত্রোপচারের পর তার শরীরে ছোট একটি টিউমার শনাক্ত হয়। পরবর্তী পরীক্ষায় এটি ক্যান্সারের খুব প্রাথমিক স্তর হিসেবে চিহ্নিত হয় এবং দ্রুত চিকিৎসার মাধ্যমে তা অপসারণ করা হয়।

নেতানিয়াহু জানান, টিউমারটি এক সেন্টিমিটারেরও কম ছিল এবং শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ঝুঁকি এড়াতে দ্রুত চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি নিজেকে “চমৎকার শারীরিক অবস্থায়” আছেন বলেও দাবি করেন।

স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশে বিলম্বের বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা—বিশেষ করে ইরান–সংক্রান্ত পরিস্থিতির কারণে বিষয়টি তখন প্রকাশ করা হয়নি। তার মতে, এমন তথ্য প্রকাশ পেলে বিরোধী পক্ষ তা রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারত।

সম্প্রতি বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। এতে তিনি নিশ্চিত করেন, চিকিৎসার পর তার শরীরে ক্যান্সারের আর কোনো চিহ্ন নেই।

রাজনৈতিক অঙ্গনে সক্রিয় এই নেতার শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা ছিল। সর্বশেষ এই ঘোষণার মধ্য দিয়ে সে জল্পনার অবসান ঘটল বলে মনে করছেন বিশ্লেষকেরা।