টাওয়ার হ্যামলেটসে ৪ বছরে ১১০ কর্মসূচি বাস্তবায়ন
কমিউনিটি ডেস্ক, ১ এপ্রিল: লন্ডনের টাওয়ার হ্যামলেটস বোরোর নির্বাহী মেয়র লুৎফুর রহমান তাঁর তৃতীয় মেয়াদের চার বছর পূর্তি উপলক্ষে প্রশাসনের বিভিন্ন সাফল্য তুলে ধরেছেন। তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রায় ১২০টি প্রতিশ্রুতির মধ্যে ১১০টি বাস্তবায়ন করা হয়েছে, যা মোট লক্ষ্যের প্রায় ৯৩ শতাংশ। চলমান প্রকল্প শেষ হলে এ হার ৯৭ শতাংশে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন।
মেয়রের ভাষ্য অনুযায়ী, এসব উদ্যোগ শুধু টাওয়ার হ্যামলেটস নয়, বরং যুক্তরাজ্যের অন্যান্য এলাকার জন্যও উদাহরণ তৈরি করেছে। তার প্রশাসনের দাবি—অর্জনগুলো পরিমাণগত ও গুণগত উভয় দিক থেকেই উল্লেখযোগ্য।
প্রধান সাফল্যগুলোর মধ্যে রয়েছে—সব শিক্ষার্থীর জন্য ফ্রি স্কুল মিল, দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা, হাজারো শিক্ষার্থীর জন্য শিক্ষা গ্রান্ট, বিনামূল্যে হোম কেয়ার, সিসিটিভি সম্প্রসারণ, নতুন আবাসন নির্মাণ, এবং পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব উদ্যোগ। এছাড়া জীবনযাত্রার ব্যয় মোকাবেলায় আর্থিক সহায়তা ও প্রবীণদের জন্য বিশেষ ভাতা প্রদানও উল্লেখযোগ্য।
হাউজিং খাতে হাজার হাজার নতুন ঘর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, পাশাপাশি পুরনো কাউন্সিল বাড়ির উন্নয়নে বড় অঙ্কের বিনিয়োগ করা হয়েছে। শিক্ষা খাতে ফ্রি ইউনিফর্ম, কমিউনিটি ভাষা শিক্ষা এবং ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ভাতা চালু করা হয়েছে।
নিরাপত্তা জোরদারে নতুন সিসিটিভি স্থাপন, অতিরিক্ত পুলিশ ও এনফোর্সমেন্ট অফিসার নিয়োগ এবং মাদকবিরোধী কার্যক্রম চালু করা হয়েছে। একই সঙ্গে পরিচ্ছন্নতা, রিসাইক্লিং এবং ইলেকট্রিক যানবাহনের চার্জিং সুবিধা বাড়ানো হয়েছে।
মেয়র বলেন, তাঁর লক্ষ্য ছিল মানুষের জীবনমান উন্নয়ন এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা, যেখানে শিশু থেকে প্রবীণ—সবাই সমান সুযোগ পাবে।