প্রতি ১০ জন তরুণের মধ্যে ৪ জন লন্ডন ছাড়তে চায়

প্রতি ১০ জন তরুণের মধ্যে ৪ জন লন্ডন ছাড়তে চায়

ভয়েস অব পিপল রিপোর্ট:

চাকুরি সংকট, অত্যাধিক বাড়িভাড়া বৃদ্ধি, অপরাধ বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া ইত্যাদি কারনে আগামী দুই বছরের মধ্যে প্রতি ১০ জন তরুণদের মধ্যে ৪ জন রাজধানী লন্ডন ত্যাগ করে অন্য শহরে চলে যাওয়ার পরিকল্পনা করছে। 

London Heritage Quarte’  থেকে প্রকাশিত এক নতুন গবেষণায় উঠে এসেছে এসব উদ্বেগজনক তথ্য।গবেষণাটি বাস্তবায়ন করেছে ‘Public First’। এতে ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণদের জীবনমানের দ্রুত অবনতির চিত্র উঠে এসেছে। অনেক তরুণের মতে, লন্ডনে জীবন এখন আর সুযোগের নয়, বরং “টিকে থাকার লড়াই”।

গবেষণা বলছে, আগামী দুই বছরের মধ্যেই প্রায় ৬ লাখ তরুণ লন্ডন ছাড়তে পারে, আর পাঁচ বছরে এই সংখ্যা ৮ লাখে পৌঁছাতে পারে। উচ্চ জীবনযাত্রার ব্যয়, সীমিত ক্যারিয়ার অগ্রগতি এবং নিরাপত্তাহীনতা তরুণদের মধ্যে হতাশা বাড়াচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী,

  • ৮১ শতাংশ তরুণ মনে করেন, লন্ডনের জীবনযাত্রার খরচ তাদের প্রত্যাশার চেয়ে বেশি
  • ৬১ শতাংশের মতে, কোভিড-পরবর্তী সময়ে পরিস্থিতি আরও খারাপ হয়েছে
  • ৫১ শতাংশ মনে করেন, শহরটি আগের তুলনায় কম নিরাপদ
  • প্রায় ৮০ শতাংশ কোনো না কোনোভাবে অপরাধের শিকার হয়েছেন

বিশেষ করে বছরে ৩০ হাজার পাউন্ডের কম আয় করা তরুণদের মধ্যে হতাশা বেশি। তাদের মতে, গত পাঁচ বছরে চাকরির সুযোগ কমেছে এবং অনেকেই দীর্ঘ সময় ধরে কম বেতনের চাকরিতে আটকে আছেন, ফলে ক্যারিয়ার উন্নয়ন ব্যাহত হচ্ছে।

এছাড়া, রিমোট ও হাইব্রিড কাজের প্রসারও বড় ভূমিকা রাখছে। জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক তরুণ জানিয়েছেন, তারা এখন শহরের বাইরে বসবাস করতে আগ্রহী—যদিও কাজ লন্ডনেই চালিয়ে যেতে চান।

গবেষণায় আরও বলা হয়েছে, যদিও লন্ডন এখনও তরুণদের জন্য আকর্ষণীয় একটি শহর—রাজধানীর বাইরে থাকা ৩৮ শতাংশ তরুণ আগামী দুই বছরে এখানে আসতে আগ্রহী—তবুও অনেকেই এটিকে স্থায়ী বসবাসের জায়গা হিসেবে নয়, বরং সাময়িক “স্টেপিং স্টোন” হিসেবে দেখছেন।

গবেষণা সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন, যদি আবাসন সংকট, নিরাপত্তা এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে লন্ডন ভবিষ্যতে দক্ষ জনশক্তি ধরে রাখতে ব্যর্থ হতে পারে। এতে শহরের অর্থনীতি ও প্রতিযোগিতামূলক অবস্থানও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

শহর প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।