উত্তর আয়ারল্যান্ডে ফ্লু আতঙ্ক: একদিনে ১৭০ শিশু অসুস্থ
লন্ডন, ৬ ডিসেম্বর: উত্তর আয়ারল্যান্ডের ইব্রিংটন প্রাইমারি স্কুলের প্রধান ব্রায়ান গথ্রি বলেছেন, একদিনে ১৭০ শিক্ষার্থী অসুস্থ হওয়ায় পরিস্থিতি যেন “কোভিডের সময়ের মতো” হয়ে গেছে। গত সপ্তাহে কিছু শিশুকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, উত্তর আয়ারল্যান্ডে ফ্লু সংক্রমণ শেষ দুই সপ্তাহে তিনগুণ বেড়ে ৯৫৪ জনে পৌঁছেছে। পাবলিক হেলথ অথরিটির ড. জোয়ান ম্যাকক্লিন এটিকে “মহামারী” হিসেবে বর্ণনা করেছেন এবং আরও বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন। নতুন H3 প্রজাতির ফ্লু ভাইরাস শিশুদের সবচেয়ে বেশি প্রভাবিত করছে।
শিশুদের টিকা গ্রহণের হার এখনও কম—প্রিস্কুল শিশু ২৫.৮%, প্রাথমিক বিদ্যালয় ৪৪.৭%, মাধ্যমিক বিদ্যালয় ৩০.৩%। টিকা নিলে হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা প্রায় ৭০% কমে যায়।
উত্তর আয়ারল্যান্ডের প্রায় ১,২০০ স্কুলে ফ্লু ভ্যাকসিন কার্যক্রম চলছে, তবে প্রায় ৪০টি স্কুল এখনও অন্তর্ভুক্ত হয়নি। স্বাস্থ্য কর্মকর্তারা দ্রুত টিকা পৌঁছে দেওয়ার ওপর জোর দিচ্ছেন।