সুনামগঞ্জের দিরাইয়ে জলমহালের বিরোধে সংঘর্ষ, ১৫–২০ জন আহত
সিলেট প্রতিনিধি, ৮ মার্চ : সুনামগঞ্জের দিরাইয়ে একটি জলমহাল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে অন্তত ১৫–২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেটে স্থানান্তর করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) ভাটিপাড়া গ্রামের ভাটিপাড়া বাজারে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল শিশির নূর ও রাসেল মিয়ার সমর্থকদের মধ্যে। সংঘর্ষ কয়েক ঘণ্টা ধরে চলেছে। গুরুতর আহতদের মধ্যে ছিলেন মুরসালিন (২৫), তারাজুল (৩২), রাজরান (২৪) ও গোলাম কিবরিয়া (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, ধলিপুরী ডোবা নামক জলমহালটি মূলত ভাটিপাড়া গ্রামের রাসেল মিয়া সমিতি থেকে সাবলিজে আনা হয়। শিশির নূরও এ জলমহালে অংশ চাওয়ায় দুই পক্ষের মধ্যে বিবাদ তৈরি হয়। শনিবার সকালে রাসেল মিয়ার লোকজন ডোবায় মৎস্য আহরণ করতে গেলে শিশির নূরের সমর্থকরা দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এর পর দুই পক্ষের মধ্যে প্রতিহিংসামূলক সংঘর্ষ বাঁধে।
আহতদের উদ্ধার করে স্থানীয়রা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. পিন্টু তালুকদার জানান, গুরুতর আহত চারজনকে সিলেটে স্থানান্তর করা হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।