এভারকেয়ারে খালেদা জিয়া: শারীরিক অবস্থা অপরিবর্তিত, স্থগিত এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউল
ঢাকা, ১০ ডিসেম্বর: এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে মেডিক্যাল বোর্ড।
চিকিৎসকরা জানায়, খালেদা জিয়ার বহুমুখী জটিলতার কারণে একটি সমস্যা কমলে আরেকটি বেড়ে যাচ্ছে। লিভার সমস্যা নিয়ন্ত্রণে থাকলেও কিডনির জটিলতা বৃদ্ধি পেয়েছে, প্রতিনিয়ত ডায়ালাইসিস দিতে হচ্ছে। এই অবস্থায় তাকে বিমানে নেওয়াকে ঝুঁকিপূর্ণ মনে করছে বোর্ড।
এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউল দুই দফা পিছিয়েছে। আজ মঙ্গলবার যে অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসার কথা ছিল, অপারেটর নিজেই সেই ফ্লাইট বাতিল করেছে।
৮০ বছর বয়সি খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর তাকে সিসিইউতে নেওয়া হয়। প্রতিদিন বোর্ড তার চিকিৎসায় পরিবর্তন আনছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।