অবাধ নির্বাচনের পথে বাংলাদেশ: মানবাধিকার দিবসে ড. ইউনূসের বক্তব্য

অবাধ নির্বাচনের পথে বাংলাদেশ: মানবাধিকার দিবসে ড. ইউনূসের বক্তব্য

ঢাকা, ১০ ডিসেম্বর : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে ‘মানবাধিকার দিবস-২০২৫’ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে বলেছেন, বাংলাদেশ মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা রক্ষায় জাতিসংঘ সনদ ও সার্বজনীন ঘোষণার প্রতি অটল প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, জাতীয় মানবাধিকার ব্যবস্থা আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত থাকবে।

তিনি বলেন, মানবাধিকারকে বিশ্বাসের অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে, যাতে প্রত্যেক মানুষের মর্যাদা বৈষম্যহীনভাবে নিশ্চিত হয়। তরুণদের নেতৃত্বে জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দেড় বছর পর দেশ আজ মানবাধিকার দিবস উদ্‌যাপন করছে—যে আন্দোলন স্বৈরশাসন পরাজিত করে জনগণের অধিকার পুনঃনিশ্চিত করেছে।

ড. ইউনূস জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাম্প্রতিক রায় ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে। তিনি বলেন, বাংলাদেশ এখন জাতিসংঘের মানবাধিকারসংক্রান্ত সব নয়টি মূল চুক্তির সদস্য, পাশাপাশি গুমবিরোধী কনভেনশন, নির্যাতনবিরোধী কনভেনশনের ঐচ্ছিক প্রোটোকল ও আইএলওর সব মূল শ্রম-সংক্রান্ত কনভেনশনেও সই করেছে।