হযরত শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করে ২২ জানুয়ারি থেকে বিএনপির নির্বাচনি প্রচার শুরু

হযরত শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করে ২২ জানুয়ারি থেকে বিএনপির নির্বাচনি প্রচার শুরু

ঢাকা, ১১ জানুয়ারি:  প্রতীক বরাদ্দের পরদিন আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারে নামছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে এই প্রচারণার সূচনা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপি সূত্র জানায়, অতীতের ধারাবাহিকতা অনুযায়ী দলীয় প্রধানরা সিলেট থেকেই নির্বাচনি কার্যক্রম শুরু করে থাকেন। সেই রেওয়াজ অনুসরণ করেই তারেক রহমানের প্রচার শুরু হবে সিলেট থেকে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন।

শনিবার রাজধানীর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তারেক রহমান বলেন, সামনে নির্বাচন। আমরা ২২ তারিখ থেকে আমাদের পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাবো।

গত শুক্রবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের ‘অনুরোধে’ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। সফরের প্রথম দিন বিকেলে তার বগুড়ায় পৌঁছানোর কথা ছিল। এরপর দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফরের কর্মসূচি ছিল।

দলীয় সূত্র জানায়, সফরসূচি প্রকাশের পর জামায়াত ও এনসিপি’র পক্ষ থেকে আপত্তি তোলা হয়। তারা এই সফরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে দাবি করে নির্বাচন কমিশনে বার্তা দেয়। এরপর নির্বাচন কমিশন সফর স্থগিতের বিষয়ে বিএনপিকে অনুরোধ জানায়। বিষয়টি বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার পর সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।