মালয়েশিয়ায় ৩৯ জন বাংলাদেশি আটক, এরপর ফাটক

মালয়েশিয়ায় ৩৯ জন বাংলাদেশি আটক, এরপর ফাটক

সিঙ্গাপুর প্রতিনিধি মাহমুদ আলী:

মালয়েশিয়ায় আবারও অভিবাসনবিরোধী অভিযানের মুখে পড়েছেন বাংলাদেশি শ্রমিকরা। দেশটির কেদাহ অঙ্গরাজ্যে পরিচালিত বিশেষ অভিযানে ৩৯ জন বাংলাদেশিসহ মোট ৪৪ বিদেশি শ্রমিককে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।

সোমবার (১১ মে) কেদাহ রাজ্য ইমিগ্রেশন বিভাগের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, রোববার সকালে ‘অপ সাপু’ নামে বিশেষ অভিযান চালিয়ে এসব শ্রমিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন ৩৯ জন বাংলাদেশি, চারজন ইন্দোনেশীয় এবং একজন ভারতীয় নাগরিক।

কর্তৃপক্ষ জানায়, বান্দার দারুলামানের একটি বাণিজ্যিক ভবনের নির্মাণস্থলে সকাল ১০টা ৫০ মিনিটে অভিযান পরিচালনা করা হয়। এতে অংশ নেন ১২ জন ইমিগ্রেশন কর্মকর্তা। অভিযানের সময় মোট ৪৭ জনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। পরে তদন্তে ৪৪ জন বিদেশি শ্রমিকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে তাদের আটক করা হয়।

ইমিগ্রেশন বিভাগের ভাষ্য অনুযায়ী, আটক শ্রমিকদের বিরুদ্ধে নির্ধারিত সময়ের বেশি অবস্থান, পাসের অপব্যবহার এবং বৈধ ভ্রমণ নথি না থাকার অভিযোগ রয়েছে। তাদের বয়স ২২ থেকে ৪৪ বছরের মধ্যে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আটক ব্যক্তিদের বেলান্তিক ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, মালয়েশিয়ায় নির্মাণ ও শ্রমঘন খাতে বিপুলসংখ্যক বাংলাদেশি কাজ করলেও বৈধ কাগজপত্র, ভিসা নবায়ন এবং নিয়োগকর্তার অনিয়মের কারণে প্রায়ই তারা অভিযানের শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে শ্রমিকরা দালালচক্রের প্রতারণার কারণেও জটিলতায় পড়ে যাচ্ছেন।

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ অভিযানের খবর নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে যাদের কাগজপত্রে জটিলতা রয়েছে, তারা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।