বাংলাদেশিদের দাপটে আল-আজহারের সেরা ১০, তালিকায় ৭ শিক্ষার্থী

বাংলাদেশিদের দাপটে আল-আজহারের সেরা ১০, তালিকায় ৭ শিক্ষার্থী

বিশ্ব সংবাদ ডেস্ক, ১৩ জুলাই: বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সেরা গ্রাজুয়েটদের তালিকায় এবার উজ্জ্বল উপস্থিতি দেখিয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। ধর্মতত্ত্ব অনুষদের চার বছরের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে প্রকাশিত সেরা ১০ শিক্ষার্থীর তালিকায় স্থান পেয়েছেন সাতজন বাংলাদেশি।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফলাফলে দেখা যায়, আকিদা ও দর্শন, তাফসির এবং হাদিস—এই তিন বিভাগেই বাংলাদেশের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে এ অর্জনকে বাংলাদেশের ইসলামি উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আকিদা ও দর্শন বিভাগে চার বছরের গড় ৯৪.০৮ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন মাহবুবুল আলম। একই বিভাগে ৯৩.৪৩ নম্বর নিয়ে দ্বিতীয় হন মাহফুজুর রহমান। এছাড়া ৯১.০৭ নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছেন মুহা. রেজাউল করীম।

তাফসির বিভাগেও বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য নজর কাড়ে। চার বছরের গড় ৯৫.০৩ নম্বর নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন মাসুম বিল্লাহ গুলজার। একই বিভাগে ইয়াকুব বিন ইসহাক ষষ্ঠ এবং আতিকুল ইসলাম দশম স্থান লাভ করেন।

হাদিস বিভাগে চার বছরের গড় ৯০.০৬ নম্বর পেয়ে সেরা দশের তালিকায় জায়গা করে নেন জুবায়ের আহমদ।

শিক্ষাবিদদের মতে, আল-আজহারের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য দেশের মেধা, অধ্যবসায় এবং গবেষণার সক্ষমতার প্রতিফলন। এটি ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও গবেষণায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

সংশ্লিষ্টদের আশা, এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।