বাংলাদেশসহ চার দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা

বিশ্ব ডেস্ক, ১৩ ডিসেম্বর : যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বাংলাদেশসহ চারটি দেশের বিরুদ্ধে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি করেছে। মশাবাহিত রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় এ সতর্কতা দেওয়া হয়েছে। সিডিসি জানায়, এসব রোগের কার্যকর কোনো চিকিৎসা নেই এবং আক্রান্ত এলাকায় ভ্রমণকারীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার ১২ ডিসেম্বর প্রকাশিত বিবৃতিতে সিডিসি জানিয়েছে—কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে এই সতর্কতা কার্যকর থাকবে।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এসব অঞ্চলে চিকুনগুনিয়া ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। যদিও রোগটির নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে এটি টিকাপ্রতিরোধযোগ্য। তাই যাদের এসব দেশে ভ্রমণের পরিকল্পনা আছে, তাদের আগে থেকেই টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞরা জানান, চিকুনগুনিয়ার সাধারণ উপসর্গ হলো—
-
জ্বর
-
জোড়ায় জোড়ায় ব্যথা
-
মাথাব্যথা
-
মাংসপেশিতে ব্যথা
-
জয়েন্ট ফুলে যাওয়া বা চর্মরোগ
আক্রান্ত মশার কামড়ের ৩ থেকে ৭ দিনের মধ্যে উপসর্গ দেখা যায় এবং বেশিরভাগ রোগী এক সপ্তাহের মধ্যেই সেরে ওঠেন।
সিডিসি বলেছে, আক্রান্ত এলাকায় ভ্রমণ করলে মশা থেকে বাঁচতে অতিরিক্ত সতর্কতা নেওয়া জরুরি—যেমন মশা প্রতিরোধক ব্যবহার, পুরো হাত–পা ঢাকা পোশাক পরা এবং মশামুক্ত পরিবেশে থাকা।