‘ফার্মের মুরগি’ বিতর্কের জেরে ফেসবুকে আত্মপ্রকাশ ‘ব্রয়লার চিকেন পার্টি’র

‘ফার্মের মুরগি’ বিতর্কের জেরে ফেসবুকে আত্মপ্রকাশ ‘ব্রয়লার চিকেন পার্টি’র

বাংলাদেশ প্রতিনিধি, ১৫ জুলাই: 

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিকে ঘিরে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে ‘ফার্মের মুরগি’ বা ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই বিতর্ককে ব্যঙ্গাত্মক প্রতিবাদের রূপ দিয়ে ফেসবুকে আত্মপ্রকাশ করেছে ‘Broiler Chicken Party’ (ব্রয়লার চিকেন পার্টি) নামে একটি নতুন পেজ।

মঙ্গলবার নতুন প্রজন্মের (জেন-জি) শিক্ষার্থীদের উদ্যোগে চালু হওয়া এই পেজটির স্লোগান রাখা হয়েছে— “We are not insulted, We are awakened” (আমরা অপমানিত নই, আমরা জাগ্রত)। পেজটি চালুর কয়েক ঘণ্টার মধ্যেই বিকেল ৬টা পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ অনুসারী যুক্ত হন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিওতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বা ‘ব্রয়লার মুরগি’র সঙ্গে তুলনা করা হয়েছে বলে দাবি ওঠে। সেই বক্তব্যকে ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হলে শিক্ষার্থীদের একাংশ ব্যঙ্গাত্মক প্রতিবাদের অংশ হিসেবে এই পেজ চালু করেন।

এদিকে টানা ভারী বৃষ্টি ও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তাদের অন্যতম দাবি, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

নতুন খোলা ‘ব্রয়লার চিকেন পার্টি’ পেজে আন্দোলন, পরীক্ষা, শিক্ষার্থীদের দাবিদাওয়া এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে কেন্দ্র করে বিভিন্ন ব্যঙ্গাত্মক পোস্ট, ছবি, ভিডিও ও মিম প্রকাশ করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই এসব কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং তরুণদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

শিক্ষার্থীদের দাবি, তাদের আন্দোলনকে হেয় করে কোনো মন্তব্য গ্রহণযোগ্য নয়। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই ব্যঙ্গাত্মক উদ্যোগকে প্রতিবাদের নতুন ভাষা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক ও সামাজিক অসন্তোষের প্রতীক বলেও মন্তব্য করছেন।