প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: সংবাদপত্রের স্বাধীনতায় সরাসরি আঘাত—ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন
ভয়েস অব পিপল ডেস্ক, ২০ ডিসেম্বর: প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে গত বৃহস্পতিবার রাতে সহিংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (আইএনএমএ)। সংগঠনটি এ ঘটনাকে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করেছে।
শুক্রবার দেওয়া এক বিবৃতিতে ইনমা জানায়, ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে দুই শীর্ষ দৈনিকের বার্তাকক্ষে ব্যাপক ক্ষতি হয় এবং সাময়িকভাবে তাদের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হতে হয়। হামলার সময় কয়েকজন সাংবাদিক জ্বলন্ত ভবনে আটকা পড়লেও পরে নিরাপদে উদ্ধার করা হয়।
বিবৃতিতে ইনমা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক, সম্পাদক ও কর্মীদের প্রতি সংহতি প্রকাশ করে। একই সঙ্গে সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখা এবং দ্রুত স্বাধীন সংবাদ কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানায়।
বিশ্বজুড়ে প্রায় ২২ হাজার সদস্যসংবলিত ইনমা জানিয়েছে, বিশ্বের যেকোনো স্থানে গণমাধ্যমের ওপর হামলা মানেই বৈশ্বিক সাংবাদিকতার জন্য হুমকি। সংগঠনটি সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।