লাখো মানুষের জানাজায় অশ্রুসিক্ত বিদায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি

লাখো মানুষের জানাজায় অশ্রুসিক্ত বিদায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি

ঢাকা, ২০ ডিসেম্বর: লাখো মানুষের অংশগ্রহণে রাজধানীর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় অনুষ্ঠিত হলো ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির জানাজা। স্মরণকালের বৃহত্তম এই জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশা ও রাজনৈতিক দলের কয়েক লাখ মানুষ অংশ নেন।

জানাজার আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ও হাদির বড় ভাই অধ্যক্ষ আবু বকর সিদ্দিক বক্তব্য দেন। আবেগঘন বক্তব্যে উপস্থিত অনেকেই কান্নায় ভেঙে পড়েন। দুপুর ২টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়, ইমামতি করেন আবু বকর সিদ্দিক।

জানাজায় উপদেষ্টা পরিষদের সদস্য, সেনাবাহিনী প্রধানসহ তিন বাহিনীর প্রধান, বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। জানাজা শেষে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধি কমপ্লেক্সে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় আততায়ীর গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন শরীফ ওসমান হাদি। তার মৃত্যুতে দেশজুড়ে শোক ও প্রতিবাদের সৃষ্টি হয়।

দেশ-বিদেশ থেকে শোক প্রকাশ:

দেশে জাতীয় শোক দিবস পালন

শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার (২০ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন। পরে একই রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া, গতকাল হাদির লাশ দেশে আসার পর আজ দুপুর দুইটায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

ইইউ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে

হাদির মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) হাইকমিশন। শুক্রবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই শোকবার্তা প্রকাশ করে তারা। 

ইইউ দূতাবাস তাদের শোকবার্তায় বলেছে, শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত এবং আমরা তার পরিবার, বন্ধুবান্ধব ও শোকাহত সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।

যুক্তরাজ্য হাই কমিশনের বার্তায় বলা হয়, তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। কঠিন এই সময়ে তার পরিবার, বন্ধু আর সমর্থকদের প্রতি আমরা আন্তারিক সমবেদনা জানাই।

যুক্তরাষ্ট্রের শোকবার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সাথে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে

 হাদির মৃত্যুতে শোক জানিয়ে বাংলাদেশে সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে।

শনিবার এক বিবৃতিতে শার্লি বোচওয়ে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। সেই সঙ্গে বাংলাদেশের কর্তৃপক্ষগুলোর প্রতি গণমাধ্যমসহ সবার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

কমনওয়েলথ মহাসচিব বলেন, ‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমি বাংলাদেশের জনগণের শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ঢাকা ও দেশের অন্যান্য এলাকায় সাম্প্রতিক সহিংসতার পর সৃষ্ট পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’

শার্লি বোচওয়ে বলেন, ‘আমি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং গণমাধ্যমসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের কর্তৃপক্ষগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।’