সিলেটে মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত

সিলেটে মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত

সিলেট প্রতিনিধি, ২৪ মে:  সিলেট নগরে মাদক ব্যবসায়ীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে কোতোয়ালি মডেল থানার পাশের তোপখানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত র‍্যাব সদস্যের নাম ইমন আচার্য।

পুলিশ জানিয়েছে, দুপুরের দিকে নগরের কিনব্রিজ এলাকায় কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক বিক্রি ও সেবনে জড়িত ছিলেন। স্থানীয়দের কাছে তাঁদের কয়েকজন ছিনতাইকারী হিসেবেও পরিচিত। খবর পেয়ে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালালে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় আসাদুল আলম বাপ্পী নামে এক ব্যক্তি দ্রুত তোপখানা এলাকার দিকে দৌড়ে পালাতে থাকেন। ওই এলাকায় দায়িত্বের বাইরে অবস্থান করছিলেন র‍্যাব সদস্য ইমন আচার্য। পরিস্থিতি বুঝে তিনি পালিয়ে যাওয়া ব্যক্তিকে আটকের চেষ্টা করেন। তখনই আসাদুল ধারালো অস্ত্র দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করেন।

রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, হামলার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে। একপর্যায়ে সে তোপখানার একটি বাসায় ঢুকে একটি শিশুকে জিম্মি করে আত্মগোপনের চেষ্টা চালায়। পরে পুলিশ কৌশলে শিশুটিকে উদ্ধার করে এবং আসাদুল আলম বাপ্পীকে আটক করে। তার কাছ থেকে হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।