বাংলাদেশ সংবাদ
দেশে সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে ১,৪০০ ডেঙ্গু রোগী হাসপাতালে
বাংলাদেশ প্রতিনিধি, ১৯ সেপ্টেম্বর : বাংলাদেশে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ২১ হাজার ৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৪০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুর পাশাপাশি আগস্ট থেকে আবার বাড়তে শুরু করেছে হাম। দুই রোগের চাপ একসঙ্গে সামলাতে গিয়ে দেশের হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। ১৬ সেপ্টেম্বর একদিনেই ডেঙ্গু ও হামের রোগী মিলিয়ে ১০ হাজার ১২১ জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
১৭ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন এবং পাঁচজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১৭৬ এবং মোট আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার ৪০০।
১৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাবে অবশ্য গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য কর্তৃপক্ষের আশঙ্কা, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। ঢাকার বিভিন্ন হাসপাতালে ইতোমধ্যে অতিরিক্ত রোগীর কারণে নির্ধারিত শয্যার বাইরেও রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে।