বাংলাদেশ সংবাদ
মন্ত্রিসভায় নতুন যে দেড় ডজন মুখের নাম আলোচিত হচ্ছে
ভয়েস অব পিপল রিপোর্ট, ২১ আগস্ট:
রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন মুখ যুক্ত করার আলোচনা জোরালো হয়েছে। দলীয় ও প্রশাসনিক সূত্রের বরাতে জানা গেছে, প্রায় দেড় ডজন নেতা ও সংসদ সদস্যকে মন্ত্রিসভায় যুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে।
আলোচনায় থাকা ব্যক্তিদের মধ্যে দলের সিনিয়র নেতা, বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে থাকা নেতার পাশাপাশি সংসদ সদস্যও রয়েছেন। কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্বের চাপ কমানো এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে এই পরিবর্তনের চিন্তা করা হচ্ছে।
বিশেষ করে স্বরাষ্ট্র, কৃষি, ধর্ম এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নতুন মুখ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কয়েকজন অভিজ্ঞ নেতাকে পূর্ণমন্ত্রী এবং অপেক্ষাকৃত নবীনদের প্রতিমন্ত্রী করার বিষয়েও আলোচনা চলছে।
এদিকে ২০ আগস্ট মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ভারপ্রাপ্ত মহাসচিব নিযুক্ত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।
আলোচনায় থাকা ব্যক্তিদের নাম ও পদ
১. গয়েশ্বর চন্দ্র রায় — বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য।
২. সেলিমা রহমান — বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য।
৩. রুহুল কবির রিজভী — বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য।
৪. ড. মাহদী আমিন — প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।
৫. হুমায়ুন কবির — প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।
৬. জয়নুল আবদিন ফারুক — বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা।
৭. এবিএম মোশাররফ হোসেন — বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক।
৮. রকিবুল ইসলাম বকুল — বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক।
৯. মাহিদুর রহমান — বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক।
১০. শহীদুল ইসলাম বাবুল — কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।
১১. মাহমুদা হাবিবা — সংরক্ষিত আসনের সংসদ সদস্য।
১২. এরশাদ উল্লাহ — সংসদ সদস্য।
১৩. সাচিং প্রু জেরি — সংসদ সদস্য।
১৪. মোহাম্মদ শামীম কায়সার লিংকন — সংসদ সদস্য।
১৫. মো. আবুল কালাম — সংসদ সদস্য।
১৬. বীথিকা বিনতে হোসাইন — সংরক্ষিত আসনের সংসদ সদস্য।
তবে তালিকায় থাকা কারও মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। মন্ত্রিসভা ও দলীয় কাঠামোয় সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।