বাংলাদেশ সংবাদ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ, একই সন্ধ্যায় মন্ত্রিসভায় বড় রদবদল
ভয়েস অব পিপল রিপোর্ট, ২১ আগস্ট:
বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে একই সন্ধ্যায় ঘটল বড় দুটি পরিবর্তন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন প্রবীণ রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে চারজন নতুন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী শপথ নেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের শপথ তাকে পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এর মধ্য দিয়ে দেশের সাংবিধানিক ধারাবাহিকতায় নতুন রাষ্ট্রপতির দায়িত্ব পালন শুরু হলো।

রাষ্ট্রপতির শপথে যাচ্ছেন সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয় রাষ্ট্রপতি কার্যালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে। শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে এজেএম সালাহউদ্দিন নাগরীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির দায়িত্বে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ মন্ত্রিসভার সদস্যরা।
এ ছাড়া বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য, বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর বঙ্গভবনেই অনুষ্ঠিত হয় নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান। নতুন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এদিকে মন্ত্রিসভার রদবদলের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা করা হচ্ছে। তবে নতুন দায়িত্বে তিনি কোন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব পাবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
সরকারি সূত্রের তথ্যমতে, জহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আন্দালিভ রহমান পার্থ। অন্যদিকে আব্দুল মঈন খান স্থানীয় সরকার, সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং এম. রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।
প্রতিমন্ত্রীদের মধ্যে হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলেও জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। সেদিন প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। পরবর্তী সময়ে কয়েকটি পদ শূন্য হওয়া এবং দায়িত্ব পুনর্বিন্যাসের প্রয়োজন দেখা দেওয়ায় এবার মন্ত্রিসভায় নতুন করে ছয়জনকে অন্তর্ভুক্ত করা হলো।
একই সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ এবং মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক অধ্যায়ের সূচনা করল।